
সম্পূর্ণ নিউজ সময়
২১ টা ৫৫ মিঃ, ৫ ডিসেম্বর, ২০২১
এইচএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে অনুপস্থিত ৮১৭৭, বহিষ্কার ২
চলতি বছরের এইচএসসি ও সমমানের দ্বিতীয় দিনের পরীক্ষা আজ রোববার (৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়েছে। এদিন সারা দেশে ৮ হাজার ১৭৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া অসাধুপন্থা অবলম্বন করায় ২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

রোববার (৫ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয় থেকে এসব তথ্য জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের তথ্যে বলা হয়েছে, রোববার (৫ ডিসেম্বর) দ্বিতীয় দিন সকালে যুক্তিবিদ্যা পরীক্ষা ও হিসাববিজ্ঞান পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। যুক্তিবিদ্যা পরীক্ষায় অনুপস্থিত ছিল তিন হাজার ১১৯ জন, আর বহিষ্কার হয় দুজন। অপরদিকে হিসাববিজ্ঞান পরীক্ষায় অনুপস্থিত ছিল পাঁচ হাজার ৫৮ জন। তবে এই পরীক্ষায় কেউ বহিষ্কার হয়নি।
যুক্তিবিদ্যা পরীক্ষায় ঢাকা শিক্ষাবোর্ডে অনুপস্থিত ছিল ৫৪৩ জন, চট্টগ্রাম বোর্ডে ৪৯২ জন। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ছিল ৩৫৬ জন, বরিশাল বোর্ডে ১৭৫ জন, এ বোর্ডে বহিষ্কার করা হয় দুজনকে।
অপরদিকে সিলেট বোর্ডে ৩২৭ জন, দিনাজপুর বোর্ডে ৪৩৮, কুমিল্লা বোর্ডে ৩২৭, ময়মনসিংহ বোর্ডের ১৪৫ ও যশোর বোর্ডে অনুপস্থিত ছিল ৩১৬ জন।
এদিকে হিসাববিজ্ঞান পরীক্ষায় ঢাকা বোর্ডে অনুপস্থিত ছিল এক হাজার ৫৪৮ জন, চট্টগ্রাম বোর্ডে ৫৯৪ জন, রাজশাহী বোর্ডে ৫১৪ জন, বরিশাল বোর্ডের ৩৬০ জন, সিলেট বোর্ডের ২০০ জন, দিনাজপুর বোর্ডে ৪৫০ জন, কুমিল্লা বোর্ডে ৯৪৪ জন, ময়মনসিংহ বোর্ডে ৭১ জন ও যশোর বোর্ডে ৩৮৪ জন।এ বছর সাধারণ নয়টি শিক্ষাবোর্ডের অধীনে ১১ লাখ ৩৮ হাজার ১৭ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন। তার মধ্যে ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে তিন লাখ ১৪ হাজার ৭০৪ জন, রাজশাহী বোর্ডে এক লাখ ৫০ হাজার ৭৪৫ জন, কুমিল্লা বোর্ডে এক লাখ ১৭ হাজার ৩০৯ জন, যশোর বোর্ডে এক লাখ ৩১ হাজার ১৫৯ জন, চট্টগ্রাম বোর্ডে এক লাখ এক হাজার ১০২ জন, বরিশাল বোর্ডে ৬৮ হাজার ৪৪১ জন, সিলেট বোর্ডে ৬৭ হাজার ৭৯২ জন, দিনাজপুর বোর্ডে এক লাখ ১৫ হাজার ৭৯৫ জন এবং ময়মনসিংহ শিক্ষাবোর্ডের অধীনে ৭০ হাজার ৯৩৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেন। পাশাপাশি মাদরাসা শিক্ষাবোর্ডে এক লাখ ১৩ হাজার ১৪৪ জন এবং কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এক লাখ ৪৮ হাজার ৫০৩ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছেন।
মহামারি করোনাভাইরাসের কারণে এক বছর বিরতির পর গত ২ ডিসেম্বর থেকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়। এ বছর পরীক্ষার্থীদের কেবল তিনটি ঐচ্ছিক বিষয়ে সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা দিতে হবে। বাংলা, ইংরেজি ও গণিত পরীক্ষা দিতে হবে না।
ঐচ্ছিক বিষয়ের ফলাফল এবং জেএসসি পরীক্ষাসহ শিক্ষার্থীদের আগের পাবলিক পরীক্ষার গ্রেড পয়েন্ট বিবেচনা করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে।
No comments:
Post a Comment